কিশোরীর হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায় কবিরাজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৫:২৯

যশোরের মনিরামপুরে ভিক্ষুকের দুই মেয়েকে হাত পা বেঁধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক কবিরাজের বিরুদ্ধে।

গত শনিবার এ ঘটনা ঘটে। রবিবার মনিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, ইত্তাগ্রামের খলিলুর রহমানের ছেলে আবু দাউদ এলাকায় ঝাড় ফুক ও কবিরাজি করে বেড়ায়। শনিবার বেলা ১১টায় দাউদ এক ভিক্ষুকের বাড়িতে যায় স্বামী পরিত্যক্তা মেজ মেয়েকে (১৭) ঝাড় ফুক দিতে।  

এ সময় ওই মেয়ের বাবা-মা বাড়িতে ছিলেন না। কবিরাজ দাউদ সুযোগ বুঝে মেজ মেয়েকে নিয়ে ঘরের ভিতর যেয়ে তার হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সেজ মেয়ে বাড়ি ফিরে ঘটনার প্রতিবাদ করলে তাকেও বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। দুই বোনের চিৎকারে কবিরাজ পালিয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বর নখিল দাস জানান, শনিবার রাতে এই ঘটনা আমাকে জানালে আমি স্থানীয় চেয়ারম্যানকে জানাতে বলি। 

ইউপি চেয়ারম্যান আ. আহাদ জানান, ঘটনা জানার পর আমি গ্রাম পুলিশ পাঠাই দাউদ কবিরাজকে আটক করার জন্য। কিন্তু সে পালিয়ে যায়। ফলে আমি ওই রাতেই ফোনে মনিরামপুর থানার ওসি রফিকুল সাহেবকে জানাই।

সহ-পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব খান জানান, মেয়ে ২টির মা বাদী হয়ে মনিরামপুর থানায় কবিরাজের বিরুদ্ধে মামলা করেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মেয়ে দুটিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ