মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়

ভবন না থাকায় খোলা আকাশের নিচে পাঠদান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

নওগাঁর মৈনম মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন না থাকায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সেই সাথে খেলার মাঠ, লাইব্রেরি না থাকায় ও বেঞ্চ সংকটে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

বিদ্যালয়ের ভবন না থাকায় বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ডসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বাধ্য হয়ে উন্মুক্ত জায়গায় রাখতে হচ্ছে। এতে বিদ্যালয়ের মূল্যবান উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রখর রোদে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ধুলাবালুর মধ্যে ক্লাস করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টির দিনে বিদ্যালয়ে পাঠদান চালু রাখলে আরও দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। বৃষ্টির দিনে ক্লাস করতে গিয়ে অনেক শিক্ষার্থীর বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে স্কুলড্রেস ভিজে ঠান্ডা, কাশি, নিউমনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় অনেকেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সহকারী শিক্ষিকা নন্দিতা রানী বলেন, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করা খুবই জরুরি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবো। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।