রাজধানীতে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরস্থ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর একটি টিম। গ্রেফতারকৃতের নাম আনোয়ার হোসেন (৪০)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)-এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী গতকাল সোমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল রবিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার কল্যাণপুরস্থ মিজান টাওয়ারের দোকান নং-২০১ সানবিম ক্যাফের সামনে ফাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৯০০ পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাবের টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার পেশায় এক জন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত্ ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

র্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া কোঅর্ডিনেটর) আরো জানান, মাদক ব্যবসায়ী আনোয়ারের সহযোগী মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে র্যাব-৪-এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।