মোট মৃতের অর্ধেকের বেশি ষাটোর্ধ্ব

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৪৫

বিশেষ প্রতিনিধি

দেশে করোনা ভাইরাসে মোট মৃতের অর্ধেকের বেশির বয়স ষাটোর্ধ্ব। গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৬৮১ জনে দাঁড়াল। এর মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২৯ জন; যা শূন্য দশমিক ৫১ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪৫ জন; যা শূন্য দশমিক ৭৯ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১২৭ জন; যা ২ দশমিক ২৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩১৯ জন; যা ৫ দশমিক ৬২ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৭০৯ জন;    যা ১২ দশমিক ৪৮ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ৫১৩ জন; যা ২৬ দশমিক ৬৩ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২ হাজার ৯৩৯ জন; যা ৫১ দশমিক ৭৩ শতাংশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৩৭ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন হয়েছে।