চরভদ্রাসনে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

পৌষ সংক্রান্তী উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের ভাঙ্গার মাথা নামক স্থানে বিসাই মাতুব্বরের ডাঙ্গী খোলা মাঠে রবিবার গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় প্রশাসনের কর্মকর্তা ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে এমপি নিক্সন চৌধুরী বলেন, ‘আপনারা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন সুন্দর একটি গরুর রশি ছেড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন, যা দেখে আমি মুগ্ধ। এখানে সকল বয়সের হাজার হাজার নারী-পুরুষ এসে এ আনন্দ উপভোগ করছে। কিছুদিন আগে এ আসনে ভোটের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে আপনারা আমাকে বিজয়ী করেছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এই উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এ এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারি। আমাদের যুব সমাজ বর্তমানে মাদকের ভয়াল ছোবলের শিকার, আমি মনে করি গ্রাম বাংলার পুরোন এ ঐতিহ্য প্রতিটি উপজেলায় আয়োজন করা উচিত্ যাতে যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত হতে পারে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস ছাত্তার মাষ্টার, হরিরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান কে.এম.ওবায়দুল বারি দিপু, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন, চরহরিরামপুর ইউপির সাবেক সদস্য মো. জুলহাস মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, বিগত চার বছর ধরে বিসাই মাতুব্বরের ডাঙ্গী খোলা মাঠে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা হচ্ছে। এর আগে প্রায় ২০ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের বারই মোল্যার চটান নামক স্থানে জাকজমকভাবে হতো এই গরুর রশি ছেড়া প্রতিযোগিতা।