রূপপুর বালিশকাণ্ড

তিন মামলার তদন্ত ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫৯

ইত্তেফাক রিপোর্ট

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্য সামগ্রী ক্রয়সংক্রান্ত দুদকের তিন মামলার তদন্ত কার্যক্রম আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ মামলায় এক আসামির জামিন শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়। একই সঙ্গে ঐ বিদ্যুত্ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে জামিন দেয়নি আদালত। তবে জামিন প্রশ্নে জারিকৃত রুল শুনানি ছয় মাসের জন্য মুলতুবি রাখা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও আসামিপক্ষে সাঈদ আহমেদ রাজা শুনানি করেন। ২০১৭-১৮ অর্থবছরে রূপপুরে বালিশ কাণ্ডে দুর্নীতির ঘটনা ঘটে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলমসহ ৯ জনকে আসামি করে গত ১২ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। পাশাপাশি প্রকল্পের ১৩ প্রকৌশলীর বিরুদ্ধে আলাদা চারটি মামলা করা হয়।