বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে পদত্যাগ করে অবিলম্বে সব নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের সব সংকটের কারণ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা এই সরকার। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি। পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে মহানগর ও জেলাপর্যায়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের অধীনে দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়, তার প্রমাণ মা-বোনেরা এখন নিরাপদে চলাফেরা করতে পারে না। যুব-তরুণ ছাত্র সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন, আমরা শপথ গ্রহণ করি। এ দেশের জনগণের অধিকার, ভোটের অধিকার, স্বাধীনতার অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, মহানগর দক্ষিণের সহসভাপতি ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান, শামসুল হক শামসু প্রমুখ। আজ মঙ্গলবার থানা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি রয়েছে বিএনপির।
