জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনকে অবশেষে মেয়র পদ থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে একটি পরিপত্র জারি করা করা হয়েছে। আইসিটি মামলায় পলায়ন, কাউন্সিলরদের অনাস্থা, আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও কর্মচারীদের আন্দোলনের মুখে রোকুনুজ্জামান রোকনকে বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী। মেয়র রোকনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, অর্থ আত্মসাত্, নিয়োগ বাণিজ্য, অস্ত্রের মহড়া, টেন্ডারবাজি, গুম নাটক, হত্যার হুমকিসহ শতাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত ১ মে সব কাউন্সিলর মেয়র রোকনকে অনাস্থা দেন। একই দিন আওয়ামী লীগ পৌর কমিটির সহসভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করে। এতে তিনি অবাঞ্ছিত হয়ে পড়লে ১৫ মে রাতে কলেজ মাঠে নির্মিতব্য মুক্তমঞ্চ ও ভাস্কর্য ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় মামলা হলে রোকন এলাকা ছেড়ে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপিকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য শুরু করেন। গত ৫ জুলাই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
