উন্নয়নের সঙ্গে মানুষের মনে কষ্টও দিয়েছে এ সরকার :জিএম কাদের

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:২১

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেমন উন্নয়ন করেছে, তেমনি বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের মনে কষ্টও দিয়েছে। মানুষ উন্নয়নের কথা বেশিদিন মনে রাখে না, কিন্তু কষ্টের কথা দীর্ঘদিন মনে রাখে। বিএনপি চরম নেতৃত্ব সংকটে ভুগছে। দেশের মানুষও বিএনপিকে নিয়ে হতাশ। তিনি বলেন, এরশাদের ৯ বছরের শাসনামলে দেশে সুশাসন  ছিল। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দলবাজি ও টেন্ডারবাজি ছিল না। জাপা চেয়ারম্যান গতকাল সোমবার তার বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। তাই অপরাধ প্রবণতা রোধ করতে পারছে না সরকার। শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

ঢাকা-৫ আসনে পুনর্নির্বাচন দাবি আসুদের

ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন সেখানে ‘লাঙ্গল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ও জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে তিনি বলেন, ১৭ অক্টোবর এখানে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। ভোটকেন্দ্রে জাপার পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, যারা ঢুকেছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটার দূরে থাক, আমাদের এজেন্টদেরকেও ভোট দিতে দেয়নি সরকার-সমর্থিত সন্ত্রাসী কিশোরগ্যাংরা প্রতিটি কেন্দ্র ছিল তাদের দখলে। পুলিশ ও ইসি নীরব ছিল। আসুদ আরো বলেন, বর্তমান পরিবেশে কোনো সভ্য মানুষের পক্ষে নির্বাচন করা অসম্ভব। নির্বাচনের পরেও এখন পর্যন্ত আমাদের কর্মীদের ওপর অত্যাচার চলছে। অথচ ইসি বলে কোনো অভিযোগ পায়নি এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা সর্বকালের সেরা মিথ্যাচার। সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান খান উপস্থিত ছিলেন।

বাবলার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

জাপার কো-চেয়ারম্যান ও দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর দয়াগঞ্জে আজগর আলী হাসপাতালে চিকিত্সাধীন। তার রোগ মুক্তি কামনায় গতকাল ঢাকা মহানগর দক্ষিণ জাপার উদ্যোগে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও  দোয়া মাহফিল হয়েছে।

এসএ টিভির এমডির স্ত্রীর ইন্তেকাল

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও এসএ পরিবহনের চেয়ারম্যান নুর নাহার বেগম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।