ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে মামলা দায়ের ও তাদের গ্রেফতারের দাবিতে অনশনকারী সেই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার উপসর্গ থাকায় রবিবার গভীর রাতে ঢাকা মেডিক?্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, রবিবার গভীর রাতে তার জ্বর আসে। পাশাপাশি সর্দি-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। রাতেই তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না। হাসপাতালের ৯০২ নম্বর ওয়ার্ডে তার চিকিত্সা চলছে।
গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ?নুরসহ তার পাঁচ সহযোগীকে আসামি করে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ ছাত্রী। এছাড়া, রাজধানীর কোতোয়ালি থানায় গত ২১ সেপ্টেম্বর রাতে নুরসহ ছয় জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন। মামলার আসামিরা হলেন—হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
