বন বিভাগের জমি জোরপূর্বক দখলকারীদের তালিকা চেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ তালিকা চাওয়া হয়। জবরদখলকৃত যাবতীয় জমির তালিকা ও ডকুমেন্ট কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার অংশ নেন। বৈঠকে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট বন বিভাগের জবরদখলকৃত জমি উদ্ধার অভিযানের পরিমাণ এবং জবরদখলকৃত জমি উচ্ছেদের পরিমাণ তুলে ধরা হয়।
বৈঠকে জানানো হয়, বন অধিদপ্তরের ও বনভূমির নিরাপত্তায় সরাসরি জড়িত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মে উত্সাহ বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগের ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য মূল বেতনের ৩০% হিসেবে ঝুঁকিভাতা প্রচলন করা হয়েছে। এছাড়াও অন্যান্য এলাকা যেখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সেই এলাকায় কোনো কর্মচারী দায়িত্ব পালনরত থাকলে তাদের ক্ষেত্রেও ঝুঁকি ভাতা দেওয়া যায় কিনা, সে বিষয়ও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
