মিয়ানমারের বিরুদ্ধে মামলার সমর্থন করবে নেদারল্যান্ডস ও কানাডা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:২৫

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার সমর্থনে আবেদন করতে যাচ্ছে নেদারল্যান্ডস ও কানাডা। নেদারল্যান্ডস ও কানাডা এ আদালতে পৃথকভাবে আবেদন পেশ করবে বলেও জানা গেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডস সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

গত ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এবং কানাডার যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে গাম্বিয়ার দায়ের করা  মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছিল।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠি হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে নেদারল্যান্ডসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ড. মোমেন।