ধর্ষণের সালিশকে অপরাধ গণ্যের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:২৭

ধর্ষণের ঘটনায় সালিশকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এছাড়া বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লিখিত ১৮০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করা, রুদ্ধদ্বার কক্ষে বিচার, মুলতুবি ছাড়াই বিচারকাজ পরিচালনার বিধান কার্যকরের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাহিনুজ্জামান শাহিন। আবেদনে গত ১০ বছরে সারা দেশে থানায় কতগুলো ধর্ষণের মামলা দায়ের এবং কতগুলো মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে তার তথ্য জানাতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে। গত ১৩ অক্টোবর অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়।