নোবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা চালু

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:৫৮

প্রথমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা চালু করা হয়েছে। এতে করে বিশ্বদ্যিালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাই এ সুবিধা পাবেন। 

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি’র ভিডিও কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় Google Workspace (G-Suite) এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। 

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, এ ধরনের প্রচেষ্টাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। এ প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবাই উপকৃত হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও একধাপ এগিয়ে যাবো।

সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) কৌশিক চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. আব্দুর রশিদ ও আইআইটি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. অহিদুর রহমান। 

আরও পড়ুন: বাউফলে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

নোবিপ্রবি সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানার সঞ্চালনায় এতে ‘কি নোট’ উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফাহদ হুসাইন।  

জানা গেছে, শিক্ষার্থীদের ই-মেইল এড্রেস Google-Gi G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল ক্লাসরুম, গুগল মিটসহ অন্যান্য  সার্ভিস ব্যবহার করতে পারবেন।

ইত্তেফাক/এএএম