চকলেটে ক্ষতিকারক রঙ দুই দোকানের জরিমানা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

চকলেটে ক্ষতিকারক রঙ ও কেমিক্যাল মেশানোর অভিযোগে নীলফামারীর সৈয়দপুর শহরের দুই দোকানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে রংপুরের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ওই অভিযান চালায়। অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল ইসলাম ও আলতাফ হোসেন। এ ছাড়াও সৈয়দপুর থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আফসানা পারভীন জানান, শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ চকলেট বিক্রির দায়ে শহরের শহীদ জহুরুল হক সড়কের রাজু স্টোরকে ১০ হাজার ও এরশাদ স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উদ্ধারকৃত বিপুল পরিমাণ চকলেটে রঙ ও কেমিক্যাল মিশ্রিত থাকায় ধ্বংস করা হয়।