ব্যালন ডি’অর স্বপ্নের দল

সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:৫৬

স্পোর্টস ডেস্ক

অন্যান্য বছরের মতো চলতি বছর ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা হবে না, এর পরিবর্তে ঘোষিত হবে ব্যালন ডি’অরের সর্বকালের স্বপ্নের দল। সে দলের ফরোয়ার্ডদের সংক্ষিপ্ত তালিকা ঘোষিত হয়েছে গত সোমবার রাতে, যাতে অনুমেয়ভাবেই আছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন সবার আগে ফরোয়ার্ডদের তালিকা ঘোষণা করেছে। ধাপে ধাপে মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকদের তালিকাও ঘোষণা করা হবে। ভোট প্রক্রিয়ায় সুবিধার জন্যে ফরোয়ার্ডদের তিন ভাগে ভাগ করা হয়; বাম, ডান আর সেন্টার ফরোয়ার্ড।

প্রত্যেক ভাগে আছেন দশ জন করে খেলোয়াড়। ডান পাশে আছেন: বেকহ্যাম, জাইরজিনহো, জর্জ বেস্ট, কিগান, স্যামুয়েল ইতো, স্ট্যানলি ম্যাথিউস, লুইস ফিগো, মেসি, গ্যারিঞ্চা, আরিয়েন রবেন। বাম পাশে আছেন: বলখাইন, রিভালদো, রোনালদো, রিভেলিনো, দাজিক, রোনালদিনহো, রায়ান গিগস, কার্ল হেইঞ্জ রুমেনিগে, থিয়েরি অঁরি, রিস্টো স্টইচকভ। সেন্টার ফরোয়ার্ড হিসেবে আছেন: দেনিস বার্গক্যাম্প, জার্ড মুলার, ইয়োহান ক্রুইফ, রোমারিও, কেনি ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, মার্কো ফন বাস্তেন, স্যান্ডর ককসিস ও জর্জ উইয়াহ।

সব অবস্থানের খেলোয়াড় ঘোষণার পর ভোটের সময় শুরু হবে। যা শেষে আগামী ১৭ ডিসেম্বর আদর্শ একাদশটি ঘোষণা করা হবে।