ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর মঙ্গলবার প্রথমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি প্রতিনিধিদল। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো করার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর ডেইলি সাবাহর
আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরাইলের উদ্দেশে যাত্রা করে আমিরাতি প্রতিনিধিদল। এর আগে ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তির সমালোচনা করায় ‘ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি’? হিসেবে আখ্যায়িত করেছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।
এদিকে আমিরাতি হোটেলগুলোকে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ইসরাইলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে যায়; এমন খাবার রাখতে বলা হয়েছে। লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেন্যু এবং সব খাবার ও পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
১৯৭৯ সালে মিশর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ২০২০ সালের ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আমিরাত। দুই দেশের মধ্যে টেলিফোন সংযোগ ও নিয়মিত বিমান চলাচল চালুর ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে, সৌদি আরবসহ অন্য আরব রাষ্ট্রগুলোও আমিরাতকে অনুসরণ করবে।
