দায়িত্ব পালন, নাকি আত্মপ্রচারণা?

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৭

একটি সামাজিক ব্যাধি বেশ ভয়ংকর আকারে ছড়িয়ে পড়েছে, তা হলো আত্মপ্রচারণা—যাকে আমরা সহজ বাংলায় বলি নিজের ঢোল নিজে পেটানো। মৌলিক মানবীয় ত্রুটিগুলোর মধ্যে এটি অন্যতম। ব্যক্তি হিসেবে আমার ওপর যে কাজ অর্পিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা আমার দায়িত্ব। দায়িত্ব পালনে আমি বাধ্য, তা থেকে বিচ্যুতি ঘটলে আমাকে দাঁড়াতে হবে জবাবদিহিতার কাঠগড়ায়। দায়িত্বপালন পূর্বক যাঁরা জনমানুষের কল্যাণে নিয়োজিত হন, ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে যারা ঘুণে ধরা সমাজ পরিবর্তনে পা বাড়ান তাঁরাই প্রকৃত সূর্যসন্তান। কিন্তু বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যম এমন কিছু কাজের প্রচারণা চোখে পড়ে, যা মূলত ঐ ব্যক্তির ওপর প্রদত্ত দায়িত্ব। এমনভাবে প্রচার করা হয় যেন কাজটি তার প্রদত্ত দায়িত্বের বাইরের কোনো জনহিতকর পদক্ষেপ। কিছু সস্তা জনপ্রিয়তা অর্জন এবং এর মাধ্যমে স্বার্থ হাসিল করাই বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের প্রচারণার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে। অনেকক্ষেত্রে এ ধরনের মেকি প্রচারণার কারণে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তিটি তাঁর প্রাপ্য স্বীকৃতি থেকেও বঞ্চিত হন। কখনো কখনো কাজের কাজ কিছুই হয় না, কিন্তু ছবি ও ভিডিও প্রচারের মাধ্যমে হীনস্বার্থ ঠিকই আদায় করে নেওয়া হয়। জরাজীর্ণ এ সমাজটিকে সতেজ করে তুলতে ও নিষ্কলুষভাবে সাজাতে হলে আমাদের মনে লেপটে থাকা সব ধরনের কালিমা পুরোপুরি দূর করতে হবে, হতে হবে সত্য ও সুন্দরের পূজারি।

শাহরিয়ার এম সোহান

শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়