সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়ার করমজা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে স্যানিলা হয়ে বেড়া বাসস্ট্যান্ড পর্যন্ত এলজিইডির আওতাধীন সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে দুর্ঘটনাসহ যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পথচারীদের। জানা যায়, স্যানিলা সাহাপাড়ার এনামুলের বাড়ির সামনে রাস্তার ওপর রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। উপজেলা এলজিইডি অফিস থেকে জুন মাসে পল্লী বিদ্যুত্ অফিস বরাবর চিঠি দেওয়া হলে তা এ পর্যন্ত অপসারণ করা হয়নি। এলজিইডির সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ জানান, স্যানিলা গ্রামের খুঁটিটি অপসারণের জন্য তিন মাস পূর্বে পল্লী বিদ্যুত্-২ (কাশিনাথপুর)-কে চিঠি দেওয়া হয়। তিনি বলেন, অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি পুঁতা ঠিক নয়। এতে রাস্তা প্রশস্তকরণে সমস্যা দেখা দেয়।
পাবনা-২ (কাশিনাথপুর) পল্লী বিদ্যুত্ অফিসের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমদাদুল হক জানান, রাস্তার ওপরে খুঁটির ব্যাপারটি আমি অবগত নই। তবে দ্রুত সময়ে তা অপসারণে কাজ করা হবে। এক প্রশ্নে তিনি জানান, ঠিকাদাররা তাদের সুবিধামতো খুঁটি পুঁতে থাকেন। আবার অনেক সময় জমির মালিকরা বাধা দিলে রাস্তার পাশে খুঁটি পুঁততে হয়। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পাকাকরণের সময়কার জটিলতা থেকে রক্ষা পাওয়া যাবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, রাস্তার খুঁটি অপসারণে আমি পল্লী বিদ্যুত্ অফিসকে অবগত করেছি। খুঁটি অপসারণের কথা বললেও এখনো খুঁটি ঐ স্থানে রয়েছে। তাদের উচিত দীর্ঘস্থায়ী চিন্তা করে রাস্তায় পরিকল্পিত উপায়ে খুঁটি পুঁতা।
