কুড়িগ্রামে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৪

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমিনুর ইসলাম (২৩) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহালম মিয়া (৪৮) নামে একব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক মো. আব্দুল মান্নান এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মাহালম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা গ্রামে দুই পক্ষের বিরোধ নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক চলছিল। বৈঠক চলাকালে মাহালম মিয়া দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে গুরুতর আহত করে। পরে আমিনুর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। মাহালম মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায় সমাজে অপরাধপ্রবণতা হ্রাসে প্রভাব ফেলবে।