৫৪১ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:১২

৩৮তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ

ইত্তেফাক রিপোর্ট

৩৮তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫৪১ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার বিকালে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির [৯ম গ্রেড] পদে সুপারিশ করা হয়েছে। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৮তম বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তার মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২ জন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার/সমমান পদে ১১১ জন, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে ৩৩ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদে ৮৫ জন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সাব-রেজিস্ট্রার পদে ৩৯ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ সর্বমোট ৫৩ ক্যাটাগরির ৫৪১টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

গত ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারের ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ঐ বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৪ লাখ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন।