স্থানীয় সরকারের ২০০ প্রতিষ্ঠানে ভোট অনুষ্ঠিত

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

করোনা প্রকোপের মধ্যেই গতকাল মঙ্গলবার স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন রয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, জাল ভোট প্রদান, ভোটবর্জনসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টায় তিন তরুণীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই জন আহত হয়েছেন। কুমিল্লায় দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ, আটটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন হয়। যশোরে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।

লোহাগাড়া উপজেলার সদর এবং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরীর গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ি চালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময়  আমার সরকারি গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়ার চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ায় রসুলপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০) ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানকে (২০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী মোখলেছুর রহমান। তিনি বলেন, ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়।

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই জন আহত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। নানা অনিয়মের অভিযোগ তুলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন ।

নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সাইফুল আলম ভুঁইয়া ও জেলার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী মো. পারভেজ হোসেন মঙ্গলবার দুপুরে ভোট বর্জন করেন। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা ও ছিনতাইসহ নানা অভিযোগে দাউদকান্দি উপজেলার দুইটি কেন্দ্রের ভোট গ্রহণ নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়েছে।

মেহেরপুুরের গাংনী উপজেলার জুগিন্দা ভোটকেন্দ্রে দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর প্রধান এজেন্ট ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, ১৫০ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। অভিযোগে আরো বলা হয়েছে, পৌরসভার মধ্যে সেবাসংঘ স্কুল, সম্মিলনী স্কুল ও চুড়িপট্টি কেন্দ্রে থেমে থেমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকালে যশোর সদর উপজেলার সিরাজসিংহ গ্রামে ধানের শীষের কর্মী সমর্থক ও নৌকা প্রতীকের সমর্থকের মধ্য সংঘর্ষে ধানের শীষের তিন জন কর্মী আহত হন।