ফাউচির কথা শুনলে যুক্তরাষ্ট্রে ৫ লাখ লোকের মৃত্যু হতো :ট্রাম্প

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:৩৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির কথা শুনলে করোনা ভাইরাসের কারণে দেশে পাঁচ লাখ লোকের মৃত্যু হতো। তিনি বলেন, দেশের মানুষ লকডাউনের কারণে ক্লান্ত হয়ে পড়েছে। তবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন তার সঙ্গে একমত প্রকাশ করেননি। খবর রয়টার্সের

স্থানীয় সময় সোমবার লাসভেগাস হোটেল থেকে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যারিজোনায় নির্বাচনী সমাবেশে ফাউচিকে ‘দুর্যোগ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মানুষ এখন নিজেকে স্বাধীন হিসাবে দেখতে চায়। তারা ঘরে থাকতে থাকতে এবং করোনা ভাইরাস নিয়ে ফাউচি ও কিছু দুুষ্টুদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে। তার কথা শুনলে দেশে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ লাখ মানুষের প্রাণ যেতো। উল্লেখ্য, হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের সদস্য অ্যান্থনি ফাউচি। ট্রাম্পের মন্তব্যের তাত্ক্ষনিক প্রতিক্রিয়া জানায়নি ফাউচির অফিস।

ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেছেন, জনমত জরিপে তিনি পিছিয়ে থাকলেও জয় তারই হবে। এজন্য এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ফাউচি মিডিয়ায় সাক্ষাত্কার দিয়ে বোমা ফাটান। কিন্তু তাকে চাকরিচ্যুত করলে আরো বোমা ফাটবে। ফাউচিকে এভাবে আক্রমণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করেছেন জো বাইডেন। এরকম একজন বিশেষজ্ঞের সমালোচনা করায় বাইডেন ট্রাম্পের উদ্দেশে বলেন, ভাইরাস নিয়ে আপনার অনবরত মিথ্যা কথা শুনতে শুনতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে।