আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ------------- মির্জা ফখরুল

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২২:৪১

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি নির্বাচনের একই চেহারা। নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোট কেন্দ্রগুলো দখল করে বিএনপির এজেন্টদের বের করে ভোটের ফলাফল পালটে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, সরকারি আদেশে চিকিত্সার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করাটা অমানবিক। সুচিকিত্সার জন্য তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।