২৫ অক্টোবর দেশে ফিরতে চান পিকে হালদার

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৮

সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে কানাডায় অবস্থান করা ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) ২৫ অক্টোবর নিরাপদে দেশে ফিরতে চান। দেশে ফিরে তিনি থাকতে চান কোর্ট কাস্টডিতে। এ সংক্রান্ত ফ্লাইটের টিকিটের ফটোকপি আদালতে দাখিল করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসবেন তিনি। গতকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানি হয়েছে। আজ বুধবার পরবর্তী শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৭ সেপ্টেম্বর পিকে হালদারের দেশে ফেরার বিষয়ে একটি আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। ঐ আবেদনে বলা হয়েছে, দেশে ফিরে পিকে হালদার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিনিয়োগকারীদের যে টাকা নিয়ে গেছেন তা উদ্ধার করে তিনি ফেরত দিতে চান। এজন্য দুদক বা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে থাকতে চান আদালতের কাস্টডিতে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে মাহফুজুর রহমান মিলন শুনানি করেন।

গত ১৯ জানুয়ারি হাইকোর্টের এক আদেশে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান, এমডি, পিকে হালদারসহ ১৩ পরিচালকের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পিকে হালদারের মা, স্ত্রী, ভাইসহ ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়।