বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাড়ে ৫৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলামসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন, বিআইএফএফএলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (হেড অব ট্রেজারার) মো. নিসারুল কবির সিদ্দিকী।
উল্লেখ্য, ফরমানুল ইসলাম ২০১৫ সালের ১১ এপ্রিল তিন বছরের জন্য বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এরপর তাকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলে ২০১৯ সালের ২৮ জুলাই তিনি পরিচালনা পর্ষদ সভা চলার সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে অব্যাহতি নেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিআইএফএফএলের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের সার্কুলার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রকে অমান্য করে সরকারি টাকা ঝুঁকিপূর্ণ বেসরকারি ব্যাংক এবং অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন। যার মধ্যে ২টি বেসরকারী ব্যাংকে ১৫০ কোটি তিন লাখ ৯৩ হাজার ৬৩৫ টাকা এবং ১২টি অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর হিসেবে ৪৩৪ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২৬ টাকা জমা করেন। এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। এটা ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের শামিল। যা দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
