জলাবদ্ধতা নিরসনে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজার মাঠে সমাবেশ করেছেন হাজারো কৃষক। তাদের প্রায় দুইহাজার বিঘাতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়ায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এ সমাবেশে ভুক্তভোগী কৃষক মনছুর রহমান, সুলতান মাহমুদ, ছোহরাব আলী, শামসুল হক, ছাবেদ আলী, জুরান আলী, মজিবর মল্লিক, রেজাউল করিম, জহুরুল ইসলাম, আব্দুল মোতালেব ও শাহাদত হোসেন বলেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ পুকুর খননের কারণে সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, চক গোপিনাথপুর, বিদিমাগুড়া ও বোয়ালিয়া গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে বন্যার পানি আটকে রয়েছে। আশপাশের কৃষি জমি থেকে পানি নেমে গেলেও তাদের জমি কোমর পানিতে তলিয়ে আছে।
তারা আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকারিভাবে উদ্যোগ নেওয়া অতি জরুরি। নয়তো বোরো আবাদ করা সম্ভব হবে না।
এদিকে কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কৃষক নেতা মীর শহিদ জানিয়েছেন, প্রায় দুই হাজার বিঘা জমি এখনও পানির নিচে। স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সমস্যা চিহ্নত করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বলেন, কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করে শিগগিরই জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম
