ইত্তেফাক রিপোর্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি বিমা পরিকল্প অনুমোদন দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। দুই সাধারণ বিমা কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অনুষ্ঠিত আইডিআরএর ১২৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, বঙ্গবন্ধুর নামে অনুমোদন দেওয়া দুই পরিকল্পের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ এবং ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইনসিওরেন্স’। এর মধ্যে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’র প্রস্তাবক সাধারণ বিমা করপোরেশন। আর বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইনসিওরেন্সের প্রস্তাবক বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স। বঙ্গবন্ধু সুরক্ষা বিমা শীর্ষক জন বিমা পরিকল্পের বিমা অঙ্ক নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা। আর প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও স্ট্যাম্প বাদে ১০০ টাকা। আইডিআরএ জানিয়েছে, বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের অনুমতি সাপেক্ষে এই বিমা পরিকল্পের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিল অনুমোদন দেওয়া হয়েছে।
