প্রতারণার মাধ্যমে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের শ্বশুর শহরের ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের এস এস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাজী জাহাঙ্গীর আলম শহরের মোক্তারপাড়ার মৃত মনছুর রহমানের ছেলে।
তিনি সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের শ্বশুর ও একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডলের বেয়াই।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ‘মঙ্গলবার ভোরে মণ্ডল গ্রুপের প্রতিষ্ঠান মণ্ডল অটোব্রিক্স লিমিটেডের প্রতিনিধি আওলাদ হোসেন বাদী হয়ে ১২ কোটি ২ লাখ টাকারও বেশি অর্থ প্রতারণার অভিযোগ এনে হাজী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুপুরের দিকে শহরের এস এস রোড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।’
মামলার বাদী আওলাদ হোসেন বলেন, ‘সাবেক সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের ছেলে বর্তমান সংসদ সদস্য এবং মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডলের শ্বশুর হাজী জাহাঙ্গীর আলম আত্মীয়তার সুবাদে মণ্ডল অটোব্রিক্স লিমিটেড স্থাপনের লক্ষ্যে ৩শ/৪শ বিঘা জমি কিনে দিতে চান। তখন জাহাঙ্গীর আলম নির্ভেজাল সম্পত্তি কিনে দেয়ার কথা বলে মজিদ মণ্ডলের কাছ থেকে ২০১২ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত নগদে ও চেকের মাধ্যমে ১২ কোটি ২ লাখ, ২২ হাজার ৯৪০ টাকা নেন। জাহাঙ্গীর আলম কোন জমি না কিনে ওই টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করা টাকা ফেরত দেয়ার বিষয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। তবে তিনি টাকা ফেরত দেননি।’
তিন আরও বলেন, ‘এ অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর আব্দুল মজিদ মণ্ডল জাহাঙ্গীর আলমকে টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম অস্বীকার করেন। এ কারণে বাধ্য হয়ে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
