আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠ করা হবে নান্দনিক :তাপস

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠ উন্নয়ন করে তা এলাকার জনগণের জন্য নান্দনিক খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পুরাতন কেন্দ্রীয় কারাগার ও আলিয়া মাদ্রাসা-সংলগ্ন খেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র বলেন, ‘পুরাতন কেন্দ্রীয় কারাগার এবং আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠ ও পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পুরো প্রকল্পের অনুষঙ্গগুলোর আদ্যোপান্ত আমি গতকাল অবলোকন করেছি। প্রকল্পে কিছু পরিবর্তন আনা সমীচীন হবে বলে আমি মনে করি। কারণ, প্রধানমন্ত্রী চান, এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক, উন্মুক্ত খেলার মাঠ থাকুক। তাই, এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেওয়ার জনদাবি রয়েছে। আমি জনগণের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করছি।’

মেয়র বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম জানতে পারে, উপলব্ধি করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কী পরিমাণ ত্যাগের মহিমায় এই দেশ স্বাধীন হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।