ইত্তেফাক রিপোর্ট
আগামী নভেম্বরের মধ্যে বিজেএমসির বন্ধঘোষিত মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। গতকাল সচিবালয়ে মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে এ পর্যন্ত আটটি মিলের শ্রমিকদের পাওনা বাবদ মোট ১ হাজার ৭৯০ কোটি ৫২ লাখ টাকা অর্থ বিভাগ থেকে পাওয়া গেছে। যা শ্রমিকদের ব্যাংক হিসাবে স্থানান্তর এবং সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে চট্টগ্রামের হাফিজ জুট মিল ও খুলনার ইস্টার্ন জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। তিনি বলেন, চলতি মৌসুমে কাঁচা পাটের গড়দর ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এর ফলে চাষিরা ভবিষ্যতে অধিক পরিমাণে পাট চাষে আগ্রহী হবেন।
মন্ত্রী বলেন, বন্ধঘোষিত মিলগুলোকে আধুনিকায়নে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, কমিটি দুটির সুপারিশের আলোকে বন্ধ মিলগুলো নতুন আঙ্গিকে পুনরায় চালু হবে। এতে অভিজ্ঞ শ্রমিকরা পুনঃকর্মসংস্থানের সুযোগ পাবেন।
