কিশোরগঞ্জ প্রতিনিধি
অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হওয়ায় ছুরিকাঘাতে চালক পরাণ (১৮) কে খুন করেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সগড়া বিশ্বরোড এলাকায়। নিহত পরাণের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জেলা শহরের বটতলা থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী পরাণের অটোরিকশায় উঠে। তারা পরাণকে নামিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা পরাণের গলায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা পরাণকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, আটককৃত শরীফের বাড়ি চট্টগ্রামের মোগলটুলি এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার দুপুর পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
