অবশেষে স্বীকৃতি পেলেন এজেলদিন

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:১১

স্পোর্টস ডেস্ক

অবশেষে বিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে মিশরের এজেলদিন বাহাদারের। এ বছরের শুরু থেকেই রেকর্ডটি গড়তে উদ্যোগী হন ৭৪ বছর বয়সি বাহাদার। 

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যত্রের মতো মিশরেও ঘরোয়া ফুটবল থেমে না গেলে আরো আগেই সফল হতেন তিনি। শেষ পর্যন্ত কঠোর অনুশীলন আর দুয়েকটা প্রীতি ম্যাচে খেলার পর এই রেকর্ড গড়া তার জন্য হয়ে পড়ে কেবলই সময়ের ব্যাপার।  অক্টোবর সিক্সের হয়ে গত মার্চে অভিষেক ম্যাচ খেলেন তিনি। করোনাসৃষ্ট বিরতির পর গত শনিবার আবারও মাঠে নামেন বাহাদার। নিজে পেনাল্টি ‘মিস’ করেছেন, দলও বিপক্ষ আয়াত স্পোর্টস ক্লাবের কাছে হেরে যায়। তাতে বাহাদারের রেকর্ড গড়া থেমে থাকেনি।

ইসরাইলের ইসাক হায়িককে হটিয়ে বাহাদার ঠিকই বনে গেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ফুটবলার। এর আগে গেল বছর এপ্রিলে ৭৩ বছর বয়সে ইসরাইলের একটি লিগে ৭৩ বছর বয়সে খেলে এ কীর্তি গড়েছিলেন হায়িক।

এজেলদিন রেকর্ডটি গড়লেও তার পরিবার এটি উপভোগের সুযোগ পায়নি। আবার ৫ নভেম্বর ৭৫-এ পা দিতে যাওয়া এই মিশরীয়কে নতুন ক্লাবও খুঁজতে হবে। কেননা ৬ অক্টোবর তার বর্তমান চুক্তি ফুরিয়ে যাবে।