খিলগাঁওয়ে মদপানে একজনের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় রবিবার মদপানে আজিজুর রহমান টিটু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে আরও পাঁচজন হাসপাতালে চিকিত্সা নিয়ে বাসায় ফিরেছেন।

টিটুর ভাইরা মিন্টু মিয়া জানান, টিটু কাওরান বাজারে কাঁচামালের আড়তের কর্মচারী ছিলেন। তার বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান সড়কে। জাকির নামে এক ব্যক্তি শনিবার রাতে টিটুসহ ৮-১০ জনকে মদ সরবরাহ করে। বাসার পাশে একটি খোলা জায়গায় ওই মদপান করেন তারা। রাতে বাসায় ফেরার পর টিটু অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে টিটুর সঙ্গেই মদপান করা মেরাদিয়া এলাকার ইমামুল হক, তার স্ত্রী রোজিনা আক্তার, মমিন, খালেক ও রাহেলা আক্তার ঝর্ণা গতকাল সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিত্সা নিয়ে বাসায় ফেরেন তারা। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, মদপানের কারণে টিটুর মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত মদপান করা নাকি বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে।