প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস। মামলায় যুবরাজকে হত্যাকাণ্ডের ‘নির্দেশদাতা’ বলে অভিযোগ এনেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মামলাটি করেন হাতিস। মামলায় খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় নিজের ব্যক্তিগত ও আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন এই তুর্কি নাগরিক।
২০১৮ সালে সৌদি আরবের ইস্তানবুল কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগিকে হত্যা করে একদল সৌদি এজেন্ট। অভিযোগ রয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন যুবরাজ। সৌদি সরকারের চরম সমালোচক জামাল খাশোগি মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। লেখনিতে সৌদি সরকারের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন। মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছিলেন খাশোগি। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তুর্কি নাগরিক হাতিস চেঙ্গিসের। তাদের বাগদানও হয়ে গিয়েছিল। -বিবিসি
