ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতার ব্যক্তিরা হলো— ফারুক হোসেন, শাহরিয়ার হোসেন, মানিক ও আনোয়ার। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা সংক্রান্ত কয়েকটি অভিযোগ আসে র্যাব-২ এর কাছে। একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তারা জানতে পারেন ঢাকার বিভিন্ন পয়েন্টে সংঘবদ্ধ ছিনতাই চক্র মানুষের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। চক্রকে শনাক্ত করে শনিবার রাতে তেজগাঁও থানাধীন আম্বরশাহ মসজিদসংলগ্ন সড়ক থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ছিনতাই করছে। চলতি পথে মানুষের কাছ থেকে কখনও অস্ত্র ঠেকিয়ে, কখনও ছোঁ মেরে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। গ্রেফতার হওয়া ফারুকের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরে, শাহরিয়ারের বাড়ি সিলেটের জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামে, মানিকের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার রাগাবপুরে এবং আনোয়ারের বাড়ি শেরপুরের শ্রীবরদী এলাকায়।