ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাক্ষী হাজির করতে না পারায় গুলশান ও খিলগাঁও থানার ওসিকে শোকজ করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
গতকাল এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ নভেম্বর ধার্য করেন। একই সঙ্গে আদালত গুলশান ও খিলগাঁও থানার ওসির কাছে কেন সাক্ষীকে হাজির করা হয়নি সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ২০ আগস্ট সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। তার আগে ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
