ইত্তেফাক রিপোর্ট
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৮শ পয়েন্টে অবস্থান করছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত নয় মাসের মধ্যে সূচক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৪টি কোমপানির ২৪ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ২০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৯৭৩ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৪৩৪ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৬২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫৮৬০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২০৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৩২৯ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল বিবিএস কেবলস, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পিআরএল, ঢাকা ব্যাংক, সামিট পাওয়ার, সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার, মেঘনা লাইফ ইন্সু. ও ব্র্যাক ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো সায়হাম টেক্স, সোনারবাংলা ইন্সু., অগ্রণী ইন্সু., প্যারামাউন্ট ইন্সু., ইউনাইটেড ইন্সু., জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্ট, এপেক্স ফুডস্, লিগেসী ফুটওয়্যার ও কর্ণফুলি ইন্সু.।
অন্যদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭৭৯ টাকায়।
