ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে গতকাল রবিবার থেকে ৫ দিনব্যাপী হেমন্ত মেলা-১৪২৫ ও ৬৩তম ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান।
মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উত্পাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে জয়নুল আবেদিন প্রদর্শনকক্ষে কারুশিল্পীদের উত্পাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদর্শনী। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
