চার খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করছে বার্সেলোনা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:১৫

দলের চার খেলোয়াড়ের সাথে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে বার্সেলোনা। নতুন এই চুক্তির তালিকায় নাম রয়েছে অভিজ্ঞ সেন্টার ব্যাক জেরার্ড পিকের ও এক নম্বর গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানসহ আরো দুই জনের। দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন এই চুক্তি নবায়নের কারণে ২০২৪ সালের জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথেই থাকছেন পিকে।

৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে বার্সেলোনায় এসেছিলেন। মঙ্গলবার হাঙ্গেরীয়ান ক্লাব ফেরেনভারোসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৫- ১ গোলে জয়ী হয়েছে বার্সা। কিন্তু ম্যাচটিতে লাল কার্ড দেখেছেন পিকে।নতুন চুক্তিতে পিকের রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

পিকে ছাড়াও নতুনভাবে চুক্তি করা হয়েছে দলের এক নম্বর গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান, সেন্টার ব্যাক ক্লেমেন্ট লেঙ্গেলট ও মিডফিল্ডার ফ্রেংকি ডি জংয়ের সাথে। টার স্টেগানের সাথে ২০২৫ ও পরের দুইজনের সাথে ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে বলে বার্সা এক বিবৃতিতে জানিয়েছে।

ইত্তেফাক/এসআই