মনে পড়ে, একটি সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে ১৯৯১ সালের ডিসেম্বরে একটি কবিতা আনতে শামসুর রাহমানের শ্যামলীর বাসায় যাই। তাঁর কবিতার সঙ্গে স্কুলজীবন থেকেই পরিচয় থাকলেও কবির সঙ্গে এই প্রথম সরাসরি দেখা-সাক্ষাত্। সে এক অন্যরকম আনন্দ-অনুভূতিই বটে! এরপর কবির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয়ের সুযোগ আসে কয়েকটি কারণে। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং দৈনিক ভোরের কাগজে কাজ করার পাশাপাশি জাদুশিল্পী জুয়েল আইচের জাদুদলের সদস্য হিসেবে কবি শামসুর রাহমানের একান্ত সান্নিধ্য পাওয়ার সুযোগ ঘটে আমার। অনেক স্মৃতির মধ্যে বেশি মনে পড়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁর পাশে বসে ওস্তাদ রবিশঙ্করের সেতার বাদন এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে মোহিত হওয়ার সময়গুলি।
জীবনানন্দপরবর্তী বাংলা কবিতাকে আধুনিকতার পথে ধাবিত করায় তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান। তাঁর কবিতা ধারণ করেছে কাল, রাজনীতি, দেশপ্রেম, দেশভাবনা ও আত্মজাগরণ। এই জীবনবোধ, দেশের জন্য মমতা ও প্রেম শামসুর রাহমানকে পরিণত করেছিল বিশ্ব নাগরিকে।
শামসুর রাহমান সমকালীন ঘটনাপ্রবাহের সঙ্গে চিরকালীনতার অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যেমন কবিতার ভাষায় প্রতিবাদ করেছেন, তেমনি মুক্তিযুদ্ধকালে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত মানুষকে যুগিয়েছেন প্রেরণা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা ‘স্বাধীনতা তুমি’ এবং ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত।
শামসুর রাহমান ছিলেন গণমানুষ, সমাজ ও রাজনীতি সচেতন কবি, যদিও তিনি কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক ছিলেন না। সমাজমনস্ক হয়ে কখনো তিনি প্রথাগত সমাজের বিরুদ্ধে কথা বলেছেন, কখনো সমাজের অন্যায়-অবিচার, কুসংস্কার, ক্লেদকে উচ্চকিত করে তার অপনোদন চেয়েছেন। তিনি অবক্ষয়িত সমাজ-রাজনীতির কথা বলতে গিয়ে কখনো ব্যঙ্গ করেছেন, কখনো নিজেই ক্ষতবিক্ষত হয়ে ঘৃণার তীর ছুড়েছেন। তিনি যে মূলত রোমান্টিক কবি ছিলেন, তা তাঁর অনেক আশাবাদের কথাতেই পরস্ফুিট হয়ে উঠেছে। তাই সমাজ-রাজনীতির ত্রুটিগুলো অতি সহজেই তাঁর চোখে পড়ত। এ চোখে পড়ার পেছনে আরো একটি কারণ রয়েছে, কারণটি হলো, তিনি ছিলেন সত্য সুন্দর মঙ্গল ও কল্যাণের কবি। তিনি ছিলেন শুভবাদের কবি। তাঁর মনের মতো সমাজকে তিনি কেবলই খুঁজে বেড়াতেন এ দেশে। আর তা করতে গিয়েই তিনি তাঁর কবিতার এক বড় অংশকে এ দেশের কেবল গণমানুষের ইতিহাস নয়, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসের এক মিনি আর্কাইভে পরিণত করেছেন।
