একটা পাখি রোজ সকালে
মিষ্টি করে ডাকে
সবাই যখন আয়েশ করে
ঘুমের ঘোরে থাকে।
বাইরে তখন নরোম আলো
দূর করে দেয় রাতের কালো
পুবের আকাশ লাল হয়ে যায়
প্রভাতি রং মেখে
চোখ জুড়াবে মন ভরাবে
এমন সকাল দেখে।
জাগবে খোকা জাগবে খুকি
লালচে সুরুজ দিচ্ছে উঁকি
উঠবে এবার পৌষি মিলি
প্রহর ঈশান নূরু—
থাকবে না আর আলসে করে
নতুন দিনের শুরু।
