মা-ইলিশ ধরার দায়ে ৪৬ জেলের কারাদণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২২

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা-ইলিশ ধরায় চৌহালীতে ১২ জেলেকে এক বছর ও বেলকুচিতে ১৮ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদণ্ড দেন। চৌহালী উপজেলা মত্স্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, বুধবার রাতভর যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চৌহালী উপজেলার অংশে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলো আগুনে পোড়ানো হয়। অন্যদিকে, বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, ভেদরগঞ্জের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬ জন জেলে, দেড় লাখ মিটার কারেন্ট জাল, ৪০ কেজি ইলিশ মাছ ও দুটি স্পিডবোট আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মো. নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ মা-ইলিশ রক্ষায় অভিযান চালায়।