বান্দরবান জেলায় ২৯টি মণ্ডপে পাঁচ দিনব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোত্সব শুরু হয়েছে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার স্থানীয় রাজারমাঠে কেন্দ্রীয়ভাবে দুর্গোত্সব আয়োজন করা হয়নি। এদিকে, পূজা উদ্যাপনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পূজা আয়োজন কমিটিকে ২ লাখ ৮২ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীর বাসভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আয়োজক কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পুলিশ সুপার জেরীন আকতার বলেন, দুর্গোত্সব ঘিরে জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। স্বাস্থ্যবিধি মানতে আয়োজক কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে।
