বেজার ‘ওয়ান স্টপ সার্ভিসে’ যুক্ত হলো নতুন ১১টি পরিষেবা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৯

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ঢাকা কার্যালয়ে স্থাপিত ওয়ান স্টপ সেন্টার থেকে নতুন ১১টি অনলাইন পরিষেবা যুক্ত হয়েছে। ইতিপূর্বে ২১টি সেবা বেজার ওএসএস সেন্টার থেকে অনলাইনে প্রদান করা হতো, যা বর্তমানে ৩২-এ উন্নীত হলো। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ১১টি অনলাইন সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন। নতুন ১১টি সেবার মধ্যে রয়েছে ইআইএ আবেদন, ইসিসি নবায়ন, কারিগরি সহায়তার অনুমোদন এবং এসংক্রান্ত ফি প্রদান উল্লেখযোগ্য। এখন পর্যন্ত ভূমি বরাদ্দের আবেদন, প্রজেক্ট ক্লিয়ারেন্স, প্রজেক্ট রেজিস্ট্রেশন, ভিসা-সংক্রান্ত সহায়তা, ওয়ার্ক পারমিট ও নবায়ন, আমদানি ও রপ্তানির অনুমোদন, লোকাল সেলস অ্যান্ড পারচেজ পারমিট, স্যাম্পল আমদানির অনুমোদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, বেজার ওএসএস সেন্টার থেকে ইতিমধ্যে ৫৬টি প্রকল্পের অনুমোদন, ৬৬৯টি ভিসা সুপারিশ, ১৮১টি ওয়ার্ক পারমিট, ১৪১১টি রপ্তানি অনুমোদন, ৭২০২টি আমদানি অনুমোদন এবং ৪৩টি ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছি। শুধু সেবার মান বাড়িয়ে ইজ অব ডুয়িং বিজনেসের সূচকের অবস্থানে ইতিবাচক পরিবর্তন আনতে পারব এবং বিনিয়োগ আকর্ষণে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।’ বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, ‘বিজিএমইএ ও বেজা বঙ্গবন্ধু শিল্পনগরে একটি গার্মেন্টস পার্ক প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করছে। আমি আশা করি, বিজিএমইএসহ অন্য বিনিয়োগকারীগণ বেজার ওএসএস সেন্টার থেকে সব সেবা নির্ধারিত সময়ে নিয়ে দ্রুত ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন।’

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বেজার ওএসএস শুধু কাগজে কলমে নয়, বাস্তবিক অর্থেই বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। সভায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইন্টার এশিয়া গ্রুপ প্রাইভেট লিমিটেডের সঙ্গে সাবরাং ট্যুরিজম পার্কে জমি বরাদ্দের চুক্তি হয়। প্রস্তাবনা অনুযায়ী প্রতিষ্ঠানটি সাবরাং ট্যুরিজম পার্কে ৯ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে সাংস্কৃতিক কেন্দ্র, জাদুঘর, ওপেন এয়ার অ্যাম্ফিথিয়েটার, বিনোদন পার্ক, হোটেল বা রিসোর্ট ইত্যাদি নির্মাণ করবে। এর ফলে প্রায় ৬ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। একই অনুষ্ঠানে ডাটা সফটের সহযোগী প্রতিষ্ঠান গ্রেট আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চারস লিমিটেডের সঙ্গে সাবরাং ট্যুরিজম পার্কে ট্যুরিজমবিষয়ক অবকাঠামো উন্নয়নে জমি বরাদ্দে চুক্তি হয়।