মিরপুরে থিসারা পেরেরার ব্যাটিং ঝড়

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:২৩

এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে অগ্নিমূর্তি ধারণ করেছিল থিসারা পেরেরা ব্যাট। ৭৪ বলে ১৪০ রানের ইনিংসে সেদিন শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি। তবে নিউজিল্যান্ড থেকে ঠিকই বিস্ফোরক ব্যাটিংটা ঢাকায় বয়ে এনেছেন এই লঙ্কান অলরাউন্ডার। সকালে ঢাকায় এসে কয়েক ঘণ্টার বিশ্রামে গতকাল বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের ম্যাচ খেলতে নেমে যান তিনি।

কিসের ভ্রমণক্লান্তি! সবকিছুকে যেন ব্যাটের তোড়ে উড়িয়ে দিলেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন থিসারা পেরেরা। তার আগ্নেয় প্রহারে ঢিমে-তালে এগিয়ে চলা কুমিল্লা-চিটাগংয়ের ম্যাচটা হঠাত্ করেই উত্তাপ ফিরে পেল। শহীদ আফ্রিদির বিদায়ের পর    ১৪তম ওভারে নেমে ২৬ বলে অপরাজিত ৭৪ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন থিসারা। তিন চারের সঙ্গে আট ছক্কায় সাজানো ছিল ইনিংসটি।

তার বিধ্বংসী ব্যাটিংয়েই কুমিল্লা পাঁচ উইকেটে ১৮৪ রানের বড় স্কোর গড়ে। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তুলেছে চিটাগং ভাইকিংস। ১৯ বলে ৩১ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম।

এর আগে দিনের প্রথম ম্যাচে শক্তিশালী রংপুরকে ৫ রানে হারায় রাজশাহী। আগে ব্যাট করে রাজশাহী ৮ উইকেটে ১৩৫ রান তুলেছিলো। জবাবে শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে ৬ উইকেটে ১৩০ রানে আটকে যায় রংপুর রাইডার্স।

আগে ব্যাট করা রাজশাহীর টপ অর্ডার থেকে তেমন রান আসেনি। ওপেন করতে নামা অধিনায়ক মিরাজ কোনো রান করতে পারেননি। মুমিনুল ১৪ ও সৌম্য ১৮ রান করেন। এরপর দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া শুরু করেন মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান। হাফিজ ২৬ রান করে আউট হন। আর জাকির ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

জবাব দিতে নামা রংপুরের হয়ে গেইলের সাথে ইনিংস শুরু করেছিলেন মাশরাফি। প্রতিপক্ষ অধিনায়ক মিরাজের মতো রংপুর অধিনায়ক মাশরাফিও রান করতে পারেননি। গেইল ২৩ রান করে ফেরেন। মিঠুন করেন ৩০ রান। আর শেষ ওভার পর্যন্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন রিলি রুশো।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিলো ৯ রান। প্রথম বলে ১টি রান দেওয়ার পর টানা ৩ বল ডট দিয়ে মুস্তাফিজ নিশ্চিত করে ফেললেন জয়। শেষ ২ বলে দরকার ছিলো ৮ রান। সেখানেও মুস্তাফিজ ব্যয় করলেন মাত্র ২ রান। ব্যাটে-বলের লড়াইয়ে মুস্তাফিজের জয় হলো।