আজ বিকালে জাতীয় দলের ফুটবলাররা হোটেলে আবাসিক ক্যাম্পে ঢুকবেন। আগামীকাল সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। ইংলিশ কোচ জেমি ডে ২৯ অক্টোবর সকালে ঢাকায় আসার আগে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করবেন। জাতীয় দলে এলেন আরো এক ইংলিশ। তিনি গোলকিপিং কোচ লেস ক্লিভলি, ুযিনি চেলসি, টটেনহ্যাম হটসপার এবং ক্রিস্টাল প্যালেসে কাজ করেছেন। জামাল ভুঁইয়াদের ফিটনেস কোচ হয়েছেন অস্ট্রেলিয়ান ইভান রাজলগ। জেমির সহকারী থাকছেন স্বদেশি স্টুয়ার্টহোয়াটকিস। এছাড়াও ড. ক্রেইগ ডানকান ম্যাচ অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ খেলবে।
জাতীয় দলে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে বসুন্ধরা কিংসের ১৪ জন। বরাবরের মতো বসুন্ধরা বলছে তাদের ফুটবলারদের ফিফার নিয়মে জাতীয় দলের ক্যাম্পে পাঠানো হবে খেলার তিন দিন আগে। গতকাল ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেছেন,‘ মাসুক মিয়া জনি এবং মতিন মিয়াকে ছাড়ব না। তারা ইনজুরিতে আছে।’ তিনি আরো বলেন,‘আমাদের খেলোয়াড়রা ১০ দিন ছুটিতে ছিলেন, দুই এক দিনের মধ্যে অনুশীলন শুরু করব। এখন ন্যাশনাল ক্যাম্পে পাঠাব না।’ এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা বসুন্ধরার চিঠি পেয়েছেন কিন্তু এটা কোনো সমস্যা না। তিনি বলেন, ‘বসুন্ধরার সঙ্গে কথা বলে সমাধান হয়ে যাবে। পারিবারিক কারণে মামুনুল ইসলাম এক দিন পর যোগ দেবেন। আর পূজার কারণে বিশ্বনাথ ঘোষ এবং তপু বর্মণ ছুটি পেতে পারেন।’
বসুন্ধরার ফুটবলারদের ফিটনেস লেভেলটাকে বাড়তি পাওয়া মনে করছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। সাবেক এই ফুটবলার বললেন,‘বসুন্ধরা অনুশীলনটা কন্টিনিউ করেছে, এটা একটা প্লাস পয়েন্ট।’
সাত মাস ফুটবল থেকে দূূরে ছিল খেলোয়াড়রা। এখন সরাসরি জাতীয় দলের অনুশীলনে যোগ দিচ্ছে। ২০ দিন সময়টাকে কাজে লাগিয়ে মাঠে নামতে চায় জেমি ডে। মাসুদ কায়সার বললেন,‘এটা একট বড় চ্যালেঞ্জ। হাতে যেকয়টা দিন সময় আছে এই ট্রেনিং সেশনে ওভার লোড দেওয়া যাবে না। এতে ইনজুরির আশঙ্কা থাকবে।’
খেলোয়াড়রা ক্যাম্পে উঠার আগে কোভিড টেস্ট নেগেটিভ হতে হবে। ক্যাম্পে উঠার পরও কোভিড টেস্ট করানো হবে।
