স্থগিত সিরিজের পয়েন্ট ভাগাভাগি!

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩৫

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ঠিক পূর্ণাঙ্গ লিগ আকারে হচ্ছিল না। সবাই সবার সঙ্গে এবং সমান ম্যাচও খেলছিল না। এর মধ্যে করোনা মহামারি সংকট আরো বাড়িয়ে দিয়েছে। প্রায় সাত মাস ধরে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের একটার পর একটা সিরিজ স্থগিত হয়েছে। এখন চ্যাম্পিয়নশিপটা সময়মতো শেষ করার জন্য আইসিসি স্থগিত সিরিজগুলোর পয়েন্ট ভাগ করে দেওয়ার চিন্তা করছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

করোনা মহামারির কারণে এ পর্যন্ত অন্তত পাঁচটি সিরিজ পুরোপুরি স্থগিত বা বাতিল হয়েছে। আর বাংলাদেশ-পাকিস্তানের সিরিজটি অর্ধসমাপ্ত অবস্থায় আছে। এখনো এই চ্যাম্পিয়নশিপে অন্তত ৯টি সিরিজ সূচিতে আছে। এর মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড দ্রুত সময় বের করে তাদের সূচির সবগুলো সিরিজ খেলে ফেলার চিন্তা করছে। কিন্তু বাকিদের স্থগিত খেলাগুলো আয়োজনের ব্যাপারটি একেবারেই নিশ্চিত নয়।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের পুরো গ্রীষ্ম খেলার সূচি প্রকাশ করেছে। ইংল্যান্ড জৈব বলয় তৈরি করে বেশ কয়েকটা সিরিজ আয়োজন করে ফেলেছে। আইপিএল শেষ হলেই ভারতও জৈব বলয়ে তাদের হোম সিরিজগুলো খেলে ফেলতে চায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তাদের সূচি শেষ করতে পারবে না বলেই মনে হচ্ছে। এ অবস্থায় আইসিসিকে ভিন্ন কিছু ভাবতে হচ্ছে।

আইসিসির হাতে এখন মূলত দুটি উপায় আছে। প্রথমত তারা আগামী বছর জুনে অনুষ্ঠিতব্য ফাইনাল পিছিয়ে দিতে পারে। কিন্তু আইসিসি আসলে তাদের পরের চক্রে হাত দিতে চাচ্ছে না। তাই ফাইনাল যথাসময়েও অনুষ্ঠিত করতে চায় তারা। সে ক্ষেত্রে তারা পয়েন্ট ভাগাভাগির দিকে যাবে বলেই মনে হচ্ছে। আইসিসি প্রধান নির্বাহী কমিটির পরবর্তী সময় সভায় এই চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণ হতে পারে।

আপাতত যে অনুমান, তাতে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলোকে ড্রয়ের সমান ধরে দেওয়া হবে। সে ক্ষেত্রে প্রতিটা দল সিরিজ পয়েন্টের তিন ভাগের এক ভাগ করে পাবে। একটি সিরিজের পয়েন্ট ১২০; বাতিল সিরিজের জন্য দুই দল ৪০ পয়েন্ট করে পাবে।