যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:২৫

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সবগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে রাস্তায়। মিসৌরিতে তুষারঝড়ে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক গাড়ি রাস্তায় আটকে গেছে। গত কয়েক দিন ধরে ইউরোপে তুষারঝড়ে প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের

স্থানীয় সময় শনিবার তুষারঝড়টি ওয়াশিংটনের দিকে যাত্রা করে। ওয়াশিংটনে ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকোতে ঝড়ো বৃষ্টি শুরু হয়। এই ঝড় পরে তুষারঝড়ে রূপ নেয়। আবহাওয়াবিদরা আশংকা করছেন, এই ঝড় কলোরাডো থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত ১৮ শ’ মাইল এলাকায় আঘাত হানতে পারে। শুক্রবার কানসাস এবং মিসৌরিতে ঝড়টি আঘাত হানে যা শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। আবহাওয়াবিদ অ্যান্ড্রিউ ওরিসন জানিয়েছেন, একই দিন ঝড়টি আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা এবং ওহাইওতে বয়ে যায়। বরফ জমায় কানসাসের একটি ফুটবল খেলাও বন্ধ হয়ে গেছে। সেইন্ট লুইসে রাস্তায় দেড় ফুট বরফ জমেছে। শনিবারও বরফ পড়া অব্যাহত আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মিসৌরিতে বরফের কারণে রাস্তায় গাড়ি দুর্ঘটনা ঘটে যাতে ৫ জনের মৃত্যু হয়। কানসাস মহাসড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টড হিলেম্যান এক টুইটার বার্তায় জানিয়েছেন, প্রত্যেক রাস্তা খুব খারাপ অবস্থায় পৌছেছে। সেইন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। গত এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ তুষারপাতের ঘটনা এটি।