জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিষয় নিয়ে একটি ডিজিটাল জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভারতের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বলে তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বড় ব্যাবসায়িক অংশীদার এবং পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। উভয় দেশের বাণিজ্য দিন দিন বাড়ছে। তবে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলো দূর করে ভারতে রপ্তানি বাড়ানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পণ্যের একটি বড় বাজার, বাংলাদেশের পণ্য রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে। আমরা এ সুযোগ কাজে লাগাতে চাই।
বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় স্থাপিত বর্ডার হাটগুলোতে উভয় দেশের মানুষের আগ্রহ বাড়ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আরো তিনটি বর্ডার হাট উদ্বোধনের অপেক্ষায় আছে। যত দ্রুত সম্ভব এ তিনটি বর্ডার হাট উদ্বোধন করা হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শহিদুল ইসলাম এবং ডাব্লিউটিও এর মহাপরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
